চাঁদা না পেয়ে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক বিধবা নারীর দোকান ও জমি দখলের অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে। ৫ আগস্টের পর কয়েক দফায় ওই নারী ও তার ছেলে-মেয়েকে মারধরেরও অভিযোগ উঠেছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পারুল আক্তার।

তিনি বলেন, জীবদ্দশায় কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাটে একটি মার্কেটসহ মোট ১৫৫ শতাংশ জায়গা আমি ও ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দেন আমার স্বামী। এছাড়া সুবর্ণচরে আরও তিন একর জমি রেজিস্ট্রি করে দেন। ২০২৩ সালের ২৩ এপ্রিল আমার স্বামী মারা যান।

২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা আজমীর আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে কয়েক দফায় আমাদের মারধর করা হয়। একপর্যায়ে শান্তির হাটের মার্কেটের সবগুলো দোকান আজমীর দখলে নেন। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে তালাবদ্ধ রাখার পর বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটনসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আমাদের উদ্ধার করেন।

তিনি অভিযোগ করেন, সুবর্ণচরের চাষের জমিগুলোও তার লোকজন দিয়ে দখল করে নেন আজমীর। এসব ঘটনায় থানা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং রাজনৈতিক নেতাদের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। উলটো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছেন আজমীর।

বর্তমানে ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন পারুল আক্তার। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, সংশ্লিষ্ট প্রশাসন, বিএনপির রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আজমীরের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email