চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চাঁদা না পেয়ে একটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘ফুডল্যান্ড’ নামে একটি কারখানায় ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলায় কারখানার অন্তত ছয়জন শ্রমিক আহত হন। আহতরা হলেন— মিজানুর রহমান তালুকদার (৫৫), সালাউদ্দিন (৪৫), রশিদ (৪৮), জসিম (৩২) ও আলী (২৮)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বিতর্কিত বিএনপি নেতা শাহাদাত চৌধুরী ওরফে ‘শাহাদাত পুলিশ’ এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। হামলাকারীরা কারখানার পণ্য পরিবহনের যানবাহন, আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাশ বাক্স থেকে প্রায় ৯ লাখ টাকা, দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, “দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। না দেওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কর্মচারীদের মারধরও করা হয়েছে।”

এ ঘটনায় ফতুল্লা মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্ত শাহাদাত চৌধুরী ওরফে ‘শাহাদাত পুলিশ’ র বিরুদ্ধে আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার মধ্যে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email