তালাক দেওয়া স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় তালাক দেওয়া স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতের অভিযোগে শহর যুবদল নেতা নূর মোহাম্মদ নিহারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নূর মোহাম্মদ নিহার বগুড়া শহর যুবদলের ২০নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে পেশিশক্তি প্রদর্শন করে তালাকপ্রাপ্তা স্ত্রীকে শারীরিক নির্যাতন করার সুস্পষ্ট অভিযোগ থাকায় নূর মোহাম্মদ নিহারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতা নিহারের প্রথম স্ত্রী নূরী আকতার বলেন, দ্বিতীয় বিয়ে করার কারণে তার সঙ্গে নিহারের তিনবার তালাক হয়েছিল। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পরেও নিহারকে বাসায় ডেকে নিতেন তিনি। গত বুধবার তাদের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি।

বহিষ্কার প্রসঙ্গে যুবদল নেতা নূর মোহাম্মদ নিহার বলেন, তিনি দলীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email