ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুরের শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) ও ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামের এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের পরপরই পিবিআইয়ের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে পালান্দার গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।
এছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সোহেল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে একটি সক্রিয় চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে আশিক মিয়া ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
