গাইবান্ধায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের সংঘর্ষ © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পৌর এলাকার চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ নিরাপদে সরে যান।

সংঘর্ষের একপর্যায়ে দুইটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, একটি মেয়েলি বিষয়কে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের রায়হান ও শিশিরের মধ্যে দণ্ড লাগলে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email