ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় জামিনে বের হয়ে সাংবাদিককে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জুয়েল রানা ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।
এ ঘটনায় দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত ১১ মে বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার হন ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। পরে পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তারের এ সংবাদ ও ছবি স্থানীয় অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন। কারাগারে যাওয়ার কদিন পরেই তিনি জামিনে বেড়িয়ে আসেন। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে জুয়েল রানা তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সাংবাদিক আল মামুন জীবনকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদিন জানান, কয়েকদিন আগে তাকেও ফোন করে ভয়ভীতি দেখানো হয়। এমনকি জুয়েল রানা ও তার সহযোগীরা ফেসবুকে প্রকাশিত সংবাদটি মুছে ফেলতে চাপ দেন।
ঘটনার নিন্দা জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। দ্রুত জামিনে বের হয়ে গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
ভুক্তভোগী সাংবাদিক আল মামুন জীবন বলেন, পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ প্রকাশ করেছি। এজন্য আমাকে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজ করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদ বলেন, ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। কী কারণে জুয়েল গ্রেপ্তার হয়েছে বা কেন সাংবাদিককে হুমকি দিয়েছে, সেটিও জানা নেই।
দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করছে। মামলা থাকার পরও জামিনে বের হয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা লিখিত অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় যুবদলের দুটি গ্রুপ সক্রিয় থাকলেও কোনো পক্ষই জুয়েল রানাকে নিজেদের অনুসারী হিসেবে স্বীকার করতে রাজি নয়। এ কারণে বিষয়টি নিয়ে দলীয় নেতাদের অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।
