মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

সাইফুজ্জামান কাজল

মাদকদ্রব্য কোকেনসহ গ্রেফতারের ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি নেতা সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলের সব পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য। তিনি ওই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার মামা।

কাজল উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা এবং আব্দুল বারেকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় বসবাস করছিলেন।

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা সিজার মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেফতার করে র‌্যাব। ওই ঘটনার পর দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘মাদকসহ যেকোনও অপকর্মে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এ ধরনের ব্যক্তির কোনও স্থান নেই।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email