চৌহালীতে স্কুলছাত্রীকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না সিকদার ও তার ছোট ভাই শান্ত সিকদারকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গত মঙ্গলবার (২৬ মে) ভোরে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ  যুবদল নেতা মান্না ও তার ভাইকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মান্না সিকদার চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই শান্তকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পূর্ব সলিমাবাদ গ্রামের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন যুবদল নেতা মান্না সিকদার। এ কাজে তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই শান্ত ও প্রতিবেশী মোছা. বুড়ি। পরবর্তীতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিয়ের জন্য চাপ দিলে মান্না তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি পরিবারের সবাই জেনে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীর খালাতো ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email