ধর্ষণের অপমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা – বিয়ানীবাজারে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষার্থী (১৬) আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও প্রলোভনের অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভিকটিমের পরিবার। নিহতের মা মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার থানায় অভিযোগ করেন। তিনি জানান, ঈদের পরদিন ২৯ মে ভোর ৪টার দিকে তাদের বসতঘরে অনধিকার প্রবেশ করে এনামুল তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনাটি ভিকটিমের বাবা দেখে ফেললে তাকে খুন করার ভয় দেখিয়ে এনামুল পালিয়ে যায়। সকালে এ বিষয়ে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে এনামুলের সঙ্গে প্রেম-প্রলোভন-ধর্ষণ বিষয়ে সবকিছু খুলে বলে। পরবর্তী সময়ে ভিকটিম একাধিকবার ফোন করলে এনামুল তাকে বিয়ে করতে পারবে না বলে জানায়। একপর্যায়ে ভিকটিমকে গলায় ফাঁস দিয়ে মরতে বলে। তিনি জানান, এনামুলের এমন ব্যবহারে শুক্রবার রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ সম্পর্কে জানতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email