সাটুরিয়ায় ছেলেসহ গ্রেপ্তার বিএনপি নেতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছোট ভাইকে মারধরের মামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ মে জমির সীমানার ভেতর বিল্ডিংয়ের সানশ্যাড দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রব ও ছোট ভাই নুরুল আমিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে নুরুল আমিন ও তার স্ত্রী ফারহানা বেগমকে মারধর করা হয়। মারপিটে নুরুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী বাদী হয়ে সাটুরিয়া থানায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, ‘আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আমার কাছেও লিখিত অভিযোগ করেছে তার পরিবার।’

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email