হরিরামপুরে যুবদলের দুই নেতার পালটাপালটি মামলা

মানিকগঞ্জের হরিরামপুরে যুবদলের দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। গ্রাম আদালতের এক সালিশ বৈঠকে উপজেলা যুবদলের সদস্য কাজী সালাউদ্দিন শিমুলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত শাহিনের (শাহিন মোল্লা) অফিসে হামলা হয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষ থানায় মামলা করেছে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, পৃথক দুটি মামলা হয়েছে। যুবদল নেতার অফিস ভাঙচুরের মামলায় সজল নামে একজনকে শুক্রবার গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বুধবার চালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গাফফারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযোগ, সালিশ চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে শিমুলকে শাহিন মোল্লার অনুসারীরা মারধর করেন। এতে বৈঠক পণ্ড হয়ে যায়।

শিমুলের পক্ষের লোকজন বুধবার সন্ধ্যার পর শাহিন মোল্লার অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এদিকে শুক্রবার বিকালে শিমুল বাদি হয়ে শাহিন মোল্লাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। একই দিন রাতে শাহিন মোল্লা বাদি হয়ে হরিরামপুর থানায় আরেকটি মামলা করেন। ওই মামলায়  ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ৩১ জনকে আসামি করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email