রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু

সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গত সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশন-গংগাচড়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। এবার দলের পক্ষে তাকে এই পদে নিয়োগ দেওয়ায় দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই বন্ধু ও দলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছেন। বিগত সরকারের ১৭ বছরে তিনি একাধিকবার কারা নির্যাতন ভোগ করেছেন। দলের সংকটকালীন তিনি রংপুরের রাজনীতি থেকে দলের নেতাকর্মীদের ছেড়ে অন্যত্র চলে যাননি। দল তাকে সেই পুরস্কার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে।

বর্তমান রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন বিএনপির রংপুর মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী (ডন)।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মো. সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে এ সংক্রান্ত আইন কার্যকর হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের ভিত্তি সুদৃঢ় হয়। নতুন এ কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, ভূমি ব্যবহারের সুষ্ঠু নিয়ন্ত্রণ, পরিবেশসম্মত অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন।

রংপুরের নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে নবগঠিত এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু করার প্রক্রিয়া আরও গতিশীল হবে। একই সঙ্গে রংপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা করছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email