সংবাদ প্রকাশের পর হুমকি, নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেদনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন অনুসন্ধানী ও সংবাদ প্রতিবেদন প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতির মুখে রয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তারকে নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের পর তার সমর্থকরা ক্ষুব্ধ হন। এরপর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও ভুয়া আইডি থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

শরীফুল ইসলাম ইন্না বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু এবং আলী আশরাফের সমর্থকরা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং তাকে ভয়ভীতি দেখাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার (১২ জুন) সানোয়ার হোসেন সানু ও তার অনুসারীরা ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেন। এ সময় সানুর ভাই শামীম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আবেদনে শরীফুল ইসলাম ইন্না বলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হুমকির মুখে পড়ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তার বা তার পরিবারের কোনো ক্ষতি হলে এর দায় সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তার এবং আলী আশরাফের ওপর বর্তাবে বলে তিনি উল্লেখ করেন।

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email