পাবনার আতাইকুলায় সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে (কাশেম শেখ) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের বাসিন্দা। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এদিকে, অসামাজিক কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে দল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পলাতক আসামিকে আইনের আওতায় আনতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারারাত অভিযান চালিয়েছি। অবশেষে সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।”

