বগুড়ার সোনাতলায় আহসান হাবিব মোহন নামে এক বিএনপি নেতা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে কয়েকটি বাড়ির তিন শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অবিলম্বে এটি অপসারণে উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগীরা।
মোহন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের বাসিন্দা ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। সপ্তাহখানেক আগে তিনি একটি রাস্তায় তারের নেটের বেড়া দিয়েছেন। এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবীর হোসেন জানান, রাস্তা বন্ধ করার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের কয়েকজন রেহানা বেগম, তারাজুল ইসলাম, মহিদুল ইসলাম, বাকী মণ্ডল জানান, রাস্তায় তারের নেটের বেড়া দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। অবরুদ্ধ কয়েকজন রিকশা, ভ্যানচালক জানান, সাতদিন তারা রিকশা বের করতে পারছেন না। তাদের রোজগারের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের অভিযোগ, গ্রামের তমিজ উদ্দিন মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম মণ্ডলের ঘর নির্মাণকে কেন্দ্র করে এ বিএনপি নেতা রাস্তায় বেড়া দিয়েছেন। এ প্রসঙ্গে মোহন জানান, অভিযোগকারীদের একজন তার আত্মীয়ের যাতায়াতের রাস্তায় ঘর নির্মাণ করেছেন। এর প্রতিবাদে তিনি এ বেড়া দিয়েছেন।
