ময়মনসিংহের ভালুকায় মাছের খামার নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ভিডিও’ প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, জোরপূর্বক বক্তব্য রেকর্ড করে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার সেভেন স্টার হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার খাইরুল ফকিরের ছেলে আশিক ফকির।
লিখিত বক্তব্যে আশিক ফকির বলেন, উপজেলার রাজৈ ইউনিয়নের মহনা (খুদ) গ্রামের খাইরুল ফকির ও আবু রাসেলের মধ্যে মাছের খামার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত ১৩ মে আবু রাসেল দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগীদের জোরপূর্বক একটি বক্তব্য রেকর্ড করেন। পরে সেটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
তিনি দাবি করেন, প্রচারিত বক্তব্য তাঁরা স্বেচ্ছায় দেননি। বক্তব্য রেকর্ডের সময় তাঁরা চরম মানসিক চাপ ও ভীতির মধ্যে ছিলেন এবং তাঁদের জীবন ঝুঁকির মধ্যে ছিল। তাই বাধ্য হয়ে ওই বক্তব্য দিতে হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্য তাঁদের প্রকৃত বক্তব্য নয় বলেও তিনি দাবি করেন।
আশিক ফকির আরও বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরতেই তাঁরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আগের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাইরুল ফকিরের স্ত্রী আসমা খাতুন, ছেলে আশিক ফকির, আইনাল খাঁর স্ত্রী লিপি খাতুন, বিল্লাল খানের স্ত্রী আকলিমা, মাহফুজ মণ্ডলের ছেলে মাসুম এবং মজিবুর রহমানের ছেলে স্বাধীনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
