বাগমারার ভবানীগঞ্জে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে একটি ভবনের গেটের সামনে ভাঙা ইট জড়ো করে এবং রশি দিয়ে ঘিরে প্রবেশপথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে ভবনের মালিক ভুক্তভোগী আব্দুল হালিম বাদী হয়ে রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেসবাউল হক দুলুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে আব্দুল হালিম ভবানীগঞ্জ পৌরসভার মোসলেম আলীর কাছ থেকে চাঁন্দপাড়া মৌজায় আরএস ১৪৯নং খতিয়ানভুক্ত ১৯৭৪ ও ১৯৭৫নং দাগে ৫ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে পাঁচতলা ভবন নির্মাণ করে তিনি ভোগদখলে আছেন।

সম্প্রতি জমি বিক্রেতা মোসলেম আলীর ছেলে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেসবাউল হক দুলু ওই বিল্ডিং ব্যবহারে বাধা দেন। এ ঘটনায় আব্দুল হালিম রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। গত ৯ জুলাই আদালত বাদীর পক্ষে ওই মামলার রায় প্রদান করেন।

রায়ে বলা হয়- নালিশী সম্পত্তি যেহেতু বাদীর দখলে রয়েছে এবং সেখানে বাদীর বিল্ডিং রয়েছে কাজেই বিবাদীদের প্রবেশ আদেশ দ্বারা নিষেধ করা হলো। অথচ আদালতের ওই রায় অমান্য করে মেসবাউল হক দুলু বিল্ডিংয়ে প্রবেশ গেটের সামনে ভাঙা ইট জড়ো করে রেখে এবং রশি দিয়ে ঘিরে ওই বিল্ডিংয়ে প্রবেশপথ বন্ধ করে দেন।

এ বিষয়ে অভিযুক্ত মেসবাউল হক দুলু বলেন- ওই বিল্ডিংয়ের সামনে তার কিছু জমি রয়েছে। আব্দুল হালিম তার জমি কিনে না নেওয়ায় ওই বিল্ডিংয়ের প্রবেশ পথে ইট রাখা ও রশি দিয়ে ঘিরে রাখার কথা তিনি স্বীকার করেন।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আদালতের রায় অনুযায়ী বিবাদীকে ওই বিল্ডিংয়ের গেটের সামনে থেকে জড়ো করে রাখা ইট ও বেড়া সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email