রূপগঞ্জ বিএনপির সহ-সভাপতি ইউপি প্রশাসক, ১২ নেতাকে সদস্য পদে নিয়োগ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরনবী ভুঁইয়াকে রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১২ মেম্বারকে অপসারণ করে বিএনপির ১২ নেতাকে সদস্যপদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪ পর্যন্ত)-এর ১৮(১) ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১২০ দিনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিষদের সদস্যরা হলেন- রূপগঞ্জ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুন হোসেন ভূঞা, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আল আমিন মাসুদ, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের নেত্রী হাসনারা বেগম ও রুমি আক্তার।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির জানান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। যে কারণে এটি নির্বাচন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। গত কয়েক মাস ধরেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু একজন সরকারি কর্মকর্তার পক্ষে নিজস্ব সরকারি দায়িত্ব পালনের পর অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। যে কারণে স্থানীয় লোকজন আবেদন করে কাজের গতি বাড়ানোর জন্য। সেই আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে প্রশাসক বসানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় আবেদন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় একজন রাজনৈতিক নেতাকে প্রশাসক করে ৯টি ওয়ার্ডে নয় জন মেম্বার, ও তিনটি সংরক্ষিত আসনে মহিলা সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আগামী ১২০ দিন তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email