চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচন করে এনসিপির হান্নান মাসউদের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৮২ ক(১) মোতাবেক মাহবুবের রহমান শামীমকে এই পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরে তার নিয়োগ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হলো।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে শামীম তার নিয়োগপত্র গ্রহণ করেছেন।
এদিকে চট্টগ্রাম জেলার বাসিন্দা অন্তত ৯ জন নেতা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেতে নানাভাবে চেষ্টা তদবির করেছেন। কিন্তু শেষপর্যন্ত চট্টগ্রামের বাইরের একজন বিএনপি নেতাকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করলেও কেন্দ্রের বিরাগভাজন হওয়ার শঙ্কায় মুখ খুলছেন না।
বিগত সরকারের আমলে চট্টগ্রাম জেলা পরিষদের সর্বশেষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একাধিক বিএনপি নেতা যুগান্তরকে বলেন, রাজনৈতিক নিয়োগ হলেও চট্টগ্রামের বাইরের কেউ কখনো জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পায়নি। এবারই প্রথম বাইরের কোনো বিএনপি নেতাকে নিয়োগ দেওয়া হলো।
সংশ্লিষ্টরা বলছেন, উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ধারণা করা হয়েছিল দক্ষিণ জেলা বিএনপির কোনো শীর্ষ নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেবে বিএনপি সরকার; কিন্তু মাহবুবের রহমান শামীমের নিয়োগের পর সেই ধারণা ভুল প্রমাণিত হলো।
