লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মো. তারেক হাসান (২১)-এর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৈশাখী আক্তার শিমুর বাবা আব্দুল বাছেক নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তারেক হাসান তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি বিভিন্নভাবে তাকে উত্যক্ত করতে থাকেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত কৌশলে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
