কুয়াকাটায় ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে হাতুড়িপেটার অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি এম বাচ্চুর ওপর হামলার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা হোটেল সৈকতের সামনে সমুদ্রসৈকত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাংবাদিক কে এম বাচ্চুকে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সৈকত এলাকায় অবস্থানকালে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা ও কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে আরও ৫-৬ জন জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হাতুড়ি দিয়ে কে এম বাচ্চুর মাথা ও দুই পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার আমার দেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email