বিজেপি নেতার ব্যবসায়ীকে মারধরের ভিডিও জামায়াত নেতার দাবিতে প্রচার

সম্প্রতি, ‘নারী সমন্বয়ক নিয়ে কট জামাত এমপিকে নিয়ে সমালোচনা করায় ব্যবসায়ীর উপর জামাত নেতার হাম’লার দৃশ্য!!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জামায়াতের নেতা কর্তৃক কোনো ব্যবসায়ীকে মারধরের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে থাকা ব্যক্তি ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আহ্বায়ক আবুল কালাম মাতব্বর।

এ বিষয়ে অনুসন্ধানে ভোলার স্থানীয় গণমাধ্যম ভোলার বাণীর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিও থেকে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অভিযুক্ত বিজেপি নেতা চরসামাইয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়ক আবুল কালাম মাতব্বর উক্ত ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক ও আচরণগত সমস্যার বিভিন্ন অভিযোগ তোলেন।

এছাড়া, উক্ত ঘটনাটি বিজেপির চেয়ারম্যান বিজেপি ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নজরে আসলে তিনি ভুক্তভোগীর পাশে থাকার এবং আইনি সহায়তা দেওয়ার কথা জানান।

অর্থাৎ, ব্যবসায়ীকে মারধর করা ব্যক্তি জামায়াতের নেতা নন।

সুতরাং, ভোলায় বিজেপি নেতা কর্তৃক ব্যবসায়ীকে মারধরের ভিডিওকে জামায়াত নেতার হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email