ঢাকা কলেজে শিবিরের কোনো কার্যক্রম আমরা করতে দেব না: শাখা ছাত্রদল সদস্য সচিব

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন © সংগৃহীত

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেছেন, ঢাকা কলেজে শিবিরের কোনো কার্যক্রম আমরা করতে দেব না। ২০২৪-পরবর্তী বাংলাদেশে তাদের কোনো জায়গা দেওয়া হবে না । একইভাবে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভে তিনি এসব কথা বলেন।

মিল্লাদ হোসেন বলেন, তারা যখন সশস্ত্র অবস্থানে এসেছিল, তখন আমাদের শিক্ষার্থী ও নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় । ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং বর্তমানে ক্যাম্পাস সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে । আমরা আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—ঢাকা কলেজে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না । সন্ত্রাসী সংগঠন শিবিরের সকল কার্যক্রম ঢাকা কলেজে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে শিবিরের কোনো কার্যক্রম আমরা চলতে দেব না।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজে আলোচনা সভায় আয়োজন করে শাখা ছাত্রশিবির। সভার শুরুর পূর্বে কক্ষ ডেকোরেশনের সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা সভায় বাধা ও শিবিরের নেতাকর্মীদের মারধর করে। পরবর্তীতে শাখা ছাত্রদল আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র হাতে শোডাউন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটক ও নায়েমের গলিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে অবস্থান করছেন। তারা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দিচ্ছেন। অপরপাশে ঢাকা কলেজের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তবে লাঠিসোটা হাতে ছাত্রদল নেতাকর্মীদের পুলিশকে নিবৃত্তি করতে দেখা যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email