ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। দোকানগুলো দখল করে যথারীতি তালাও ঝুলিয়ে দিয়েছেন তিনি। অভিযুক্ত ওই যুবদল নেতার নাম মোজাম্মেল হক। তিনি উপজেলার আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
আজ রোববার বেলা ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে সীমান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি করে, বিদ্যালয়ের নির্মাণ করা তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে টিন ও সাটারিং লাগিয়ে দখল করেছেন ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করার পরেও সমাধান না পেয়ে রাস্তায় নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, ‘বিদ্যালয়ের নামে জমির মালিকানা-সম্পর্কিত সব কাগজপত্র রয়েছে। আমরাই পাকা ঘরগুলো নির্মাণ করেছি ভাড়া দেওয়ার জন্য। কয়েক দিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দিতে একটু বিলম্ব হয়েছে। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল জমির মালিকানা দাবি করে দোকানঘরগুলো দখল করেছেন।’
দখল করা দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে নতুন তালা লাগাচ্ছিল মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থলে গিয়ে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল।
মোজাম্মেল হক দাবি করেন, ওই জমির মালিক তিনি। তাঁর কাছেও মালিকানা-সম্পর্কিত কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পক্ষে লিখিত অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে ভূমি অফিস অথবা আইনজীবীর নিকট পরামর্শ নিতে বলা হয়েছে। তবে কোনো পক্ষই কথা শোনেনি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। ব্যস্ততার কারণে দেখার সুযোগ হয়নি। দ্রুত সমস্যা সমাধানে কাজ করা হবে।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে আনন্দিত তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা। পড়াশোনা শেষ করে দুজনই প্রকৌশলী হতে চায়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় বৈধ অনুমোদন বা কার্যকর ইজারা ছাড়াই খেয়াঘাট পরিচালনা করছে। বর্ষার ভরা মৌসুমে উত্তাল পদ্মায় এভাবে যাত্রী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও আশঙ্কা করছেন তারা।
