সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মো. রাসেল সরদার। তার বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার সাহাবাঙ্গল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হন। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন। নিহত মিতুলকে কাপড় কাটার কাচি দিয়ে বুকে আঘাত করা হয় বলে জানা গেছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ঘটনার বিষয়ে সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় থাকা শ্রমিকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email