বিএনপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, রাঙ্গাবালীতে চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও চাঞ্চল্য।

সম্প্রতি ছোটবাইশদিয়া ইউনিয়নে আয়োজিত ওই দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন। তার এমন বক্তব্যের ভিডিও ও বক্তব্য ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে বক্তব্যের সময় জাকির হোসেন নোয়াব কী প্রেক্ষাপটে ওই স্লোগান দিয়েছেন, সে বিষয়ে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থানীয় এক নেতার মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার বিষয়টি এখন রাঙ্গাবালীর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email