রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় সরকার জেলা পরিষদের এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দীপন তালুকদার দীর্ঘদিন ধরে রাঙামাটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২৩ সালে ঘোষিত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সভাপতির দায়িত্ব পান।

নতুন গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠী ও স্থানীয় সমাজসেবকদের মধ্য থেকে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যরা হলেন- রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রাঙামাটি গর্জনতলী এলাকার সুপর্ন দেব বর্মন, উত্তর গর্জনতলী এলাকার মোহাম্মদ ফারুক, রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার শাশ্বত চাকমা, মাস্টার কলোনি এলাকার নন্দিতা দাশ, রাজদ্বীপ বাবু পাড়া চক্রপাড়া-১ এলাকার চন্দ্রা চাকমা, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকার বিল্টু চাকমা, লংগদু উপজেলার ঘনোমোড় এলাকার মো. তোফাজ্জল হোসেন, বরকল উপজেলার আইমাছড়া এলাকার সুবিমল চাকমা, জুরাছড়ি উপজেলার আমতলী এলাকার অনিল বরণ চাকমা, কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার উথোয়াইমং মারমা, কাউখালী উপজলার বেতবুনিয়া এলাকার পাইচিং মং মার্মা, রাজস্থলী উপজেলার খিলাছড়ি এলাকার প্রেমা তালুকদার, রাজস্থালী উপজেলার বড় কুক্যাছড়ি এলাকার তিমথী খিয়াং।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর সংশোধিত আইন অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এই নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, ‘প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি পার্বত্য এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন নতুন দায়িত্ব দিয়ে। আমি রাঙামাটির সাম্প্রদায়িত সম্প্রতি বাজার রাখা, উন্নয়নে পাহাড়ি বাঙালির মধ্যে কোনও বৈষম্য না রাখা এবং পাহাড়ের পর্যটন উন্নয়নে দীর্ঘ ও স্বল্পমেয়াদি কার্যক্রম ভূমিকা রাখার চেষ্টা করবো। তবে এই ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email