ঘোড়ার মাংস বিক্রির চক্রের সঙ্গে যোগসাজশ, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা/ছবি: জাগো নিউজ

জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্রের চার সদস্যকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে (মেহেদী) বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মাহমুদুল হাসানকে (মেহেদী) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ, গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ ৫ জনকে আটক করে পুলিশ। সেই সঙ্গে ঘোড়ার মাংস বিক্রি চক্রের আরও চার সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে নিয়ে টাকার বিনিময়ে সেই চার সদস্যকে ছেড়ে দেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মেহেদী)। পরে ২৬ আগস্ট তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে মাহমুদুল হাসান (মেহেদী) জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না। মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, ‘বিষয়টি কেন্দ্র দেখেছে এবং মেহেদীর বক্তব্যও শুনেছে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email