দুই নারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে আশিউর্ধ্ব এক বৃদ্ধা এবং তার নাতনিকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গর্জনীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম আজীম উদ্দীন। তিনি হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।

আহতরা হলেন মছুদা বেগম (৮০) ও তার নাতনি রুবি আকতার (৩৬)।

এ ঘটনায় রুবি আকতার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালে রুবি আকতার আজীম উদ্দীনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। এরপর থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এর জের ধরে সোমবার সকালে তাদের ওপর হামলা চালায় বলে রুবি আকতারের অভিযোগ।

তিনি বলেন, আজীম উদ্দীন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। এ কারণে এলাকার মানুষ মুখ খুলতে পারছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে আজীম উদ্দীন বলেন, রুবি আকতারের কাছে মাটি ভরাট বাবদ টাকা পান তিনি। টাকা চাইতে গেলে রুবি আকতার তার পার্টনারসহ দুইজনকে গালমন্দ করেন। একপর্যায়ে রুবি উত্তেজিত হয়ে পড়লে তাকে থামাতে গেলে ধস্তাধস্তির সময় বৃদ্ধা মছুদা বেগম আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email