লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক নারীকে অনৈতিক প্রস্তাব ও অর্থ দাবির মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে মহিন উদ্দিন নামে এক যুবদল নেতা ও তার সহযোগী মুরাদকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর চরশাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আটক মহিন উদ্দিন ওই এলাকার মিয়ার বাজারসংলগ্ন চৌকিদার বাড়ির বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, একই ওয়ার্ডের রাবেয়া (২৯) নামের এক নারীর ঘরে গোপনে প্রবেশ করে তার ছবি ধারণ করেন মহিন উদ্দিন ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত নম্বর থেকে ওই নারীকে ফোন করে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পরে ওই নারী থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়। অভিযোগের পর ২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ গোপনে ভুক্তভোগীর বাড়িতে অবস্থান নেয়। এরপর কৌশলে টাকা দেওয়ার কথা বলে অভিযুক্তদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টাকা নিতে মহিন উদ্দিন ও তার সহযোগী মুরাদ ওই নারীর বাড়িতে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ জানায়, আটকের পর অভিযুক্তদের মোবাইল ফোন প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। এতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এ ধরনের ঘটনাকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করে যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
