বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতার আ’লীগকে পুনর্বাসনের ঘোষণা, ভিডিও ভাইরাল!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতার আ’লীগকে পুনর্বাসনের ঘোষণা, ভিডিও ভাইরাল! |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে সাথে নিয়ে এলাকায় বসবাস ও সহাবস্থানের ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহি উদ্দিন মহিন।

তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজীপুর গ্রামে কলম স্পোর্টিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে বক্তব্য দেন মহি উদ্দিন মহিন।

বক্তব্যের একপর্যায়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় বসবাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তার বক্তব্যকে অনেকেই বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও দলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করছেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন বা তাদের সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

তাদের বক্তব্য, দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে এমন বক্তব্য দিলে তা শুধু ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই; এর সাংগঠনিক ও রাজনৈতিক প্রভাবও রয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আপস বা তাদের পুনর্বাসনের বিষয়ে কোনো বক্তব্য দেয়ার আগে দলের সাংগঠনিক অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত বিবেচনায় নেয়া প্রয়োজন। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন বক্তব্য দেয়ায় বিষয়টি দলীয় শৃঙ্খলার আওতায় তদন্ত করে দেখা উচিত।

প্রকাশিত বক্তব্যের বিষয়ে সাবেক যুবদল নেতা মহি উদ্দিন মহিন বলেন, ‘আমি আমার সমাজে বসবাসরত সকলের উদ্দেশে মিলেমিশে থাকার জন্য এই কথা বলেছি। আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে আমার দল সিদ্ধান্ত নেবে। আপনারা লিখে দেন।’

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু বলেন, ‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এটি দলীয় নেতাদের বক্তব্য হতে পারে না। এমন বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তার এমন বক্তব্য আমাদেরও বিব্রত করেছে।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email