সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে এক রাজনৈতিক নেতাকে জন্মাষ্টমীর টি-শার্ট পরে একটি র্যালিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে ওই ব্যক্তিকে জামায়াতের নেতা দাবি করা হয়েছে। পাশাপাশি, পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘জামাত মানেই ধর্ম ব্যবসায়ী। কাকার কপালে চন্দনের টিকা দেওয়া উচিত ছিল।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, জন্মাষ্টমীর টি-শার্ট পরে র্যালিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে দেখা ওই ব্যক্তি জামায়াতের কোনো নেতা নন। প্রকৃতপক্ষে, তিনি কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘H M Mehedi Hasanat’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে ওই ভিডিওর ব্যক্তি, স্থান ও পারিপার্শ্বিক দৃশ্যের সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘জন্মাষ্টমী র্যালিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটির আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবেদনে প্রকাশিত শোভাযাত্রার ছবিতেও ওলিউর রহমান হাওলাদারকে দেখা যায়, যাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে জামায়াতের নেতা হিসেবে দাবি করা হয়েছে।
এছাড়া, ২০২৫ সালের ২ জুন প্রকাশিত দৈনিক সমকালের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দুই যুগ পর ২০২৪ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যে পৌর বিএনপির চার সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওলিউর রহমান হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়। ওই প্রতিবেদনেও তার ছবি প্রকাশ করা হয়েছে।
সুতরাং, জন্মাষ্টমীর টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতা ওলিউর রহমান হাওলাদারকে জামায়াত নেতা দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
