জাল দলিলে জমি দখলের চেষ্টা: শার্শার বিএনপি নেতা আনোয়ার হোসেন কারাগারে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি ফিলিং স্টেশনের জমি জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টার মামলায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জামিন আবেদন নামঞ্জুর করে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ নির্দেশ দেন।

আনোয়ার হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা।

মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ১৭ শতক জমি কিনে ‘কিবরিয়া ফিলিং স্টেশন’ স্থাপন করে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া। তার মৃত্যুর পর ২০২৫ সালের এপ্রিলে আনোয়ার হোসেন ১৯৯৯ সালের একটি ভুয়া দলিল প্রদর্শন করে জমিটির মালিকানা দাবি করেন।

গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়ে উক্ত দলিলের দাতা ও গ্রহীতার তথ্যে মারাত্মক গরমিল পান। পরবর্তীতে জালিয়াতির বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আনোয়ার হোসেন ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তনিমা তাসনুভা ২০২৫ সালের ১৬ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান জালিয়াতির সত্যতা পেয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ায় পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে গত ২০ জুলাই আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নেন।

গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধে আরও সাতটি মামলা রয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email