যশোরের মণিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. জাবের হোসেন (২১)। তিনি মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল মণিরামপুর বাজারের মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবাসহ জাবের হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
বহিষ্কৃত জাবের হোসেন মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। তিনি মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মাদক মামলার জেরে দলীয় নেতার এমন আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, “জাবেরকে আটকের বিষয়টি শোনার পর আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি যশোর জেলা নেতৃবৃন্দকে অবহিত করি। পরে তারা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন।”
যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান জানান, “ছাত্রদলের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। মণিরামপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করে সত্যতা মেলে। ফলে তাৎক্ষণিকভাবে তাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলে মাদক ও দুর্নীতির কোনো স্থান নেই এবং আগামীতেও এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
