সার সংকট ও কৃষকদের গুলি করার প্রসঙ্গ নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী ছিলেন। তবে মন্ত্রিসভার দায়িত্বের সময়কাল অনুযায়ী, ওই পুরো সময় নিজামী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।
বুধবার সংসদে সার সংকট নিয়ে আলোচনার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গুদাম ভর্তি, সরকারের সারের মজুদ, আবার সেই ২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম। এক বস্তা সারের জন্য আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল।’
জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন সরকারে ছিলাম, মাননীয় মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ছিলেন কৃষিমন্ত্রী।’ এরপর তিনি বলেন, ‘সেই সময়ে কৃষকেরা গুলি খেয়েছিল।’
তবে মন্ত্রিসভার দায়িত্বের হিসাব অনুযায়ী, মতিউর রহমান নিজামী ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৩ সালের ২২ মে পর্যন্ত কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। একই সময়ে এম কে আনোয়ার কৃষিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সালে ওই সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এ পদে ছিলেন।
অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পুরো সময় নিজামী কৃষিমন্ত্রী ছিলেন না। ওই সময়ের প্রথম অংশে তিনি কৃষিমন্ত্রী এবং পরের অংশে শিল্পমন্ত্রী ছিলেন।
২০০৫-০৬ সালের সার সংকটের সময়ও নিজামী কৃষিমন্ত্রী ছিলেন না। তখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম কে আনোয়ার। ২০০৬ সালের ২২ মার্চ প্রকাশিত ‘দ্য ডেইলি স্টার’-এর এক প্রতিবেদনে বলা হয়, সারের ঘাটতি নিয়ে কৃষি মন্ত্রণালয় আগেই শিল্প মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের সেপ্টেম্বরে কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়কে এ বিষয়ে সতর্ক করে।
পরে ২০০৬ সালের জানুয়ারিতে তৎকালীন কৃষিমন্ত্রী এম কে আনোয়ার শিল্প মন্ত্রণালয়কে চিঠি দিয়ে প্রায় এক লাখ টন সারের ঘাটতির কথা জানান। একই প্রতিবেদনে বলা হয়, সংসদীয় স্থায়ী কমিটি সার আমদানি ও বিতরণে শিল্প মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিল।
সুতরাং, চিফ হুইপের বক্তব্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কে নিজামীর কৃষিমন্ত্রী থাকার সময় হিসেবে উল্লেখ করা হলেও, সরকারি দায়িত্বের সময়কাল অনুযায়ী তিনি ওই পুরো মেয়াদে কৃষিমন্ত্রী ছিলেন না। ২০০৩ সালের ২২ মে থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম কে আনোয়ার।
