শ্রীনগরে যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ

শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মনির হোসেনের বিরুদ্ধে পূর্ব-দেউলভোগ মামা হালিমের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপনের মধ্যে দিয়ে কৃষিজমি ও পুকুর ভরাটের অভিযোগ উঠে। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা উপস্থিত থেকে ড্রেজারের সংযোগক্ত পাইপলাইন উচ্ছেদ করেন।

স্থানীয়রা জানান, যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে কিছুদিন আগে খৈয়াগাঁও এলাকার পূর্ব দেউলভোগ সড়কের পাশে ড্রেজারের সাব-স্টেশন করা হয়। রাতের আঁধারে দূর থেকে ড্রাম ট্রাকে করে বালু এনে রাস্তার পাশে ফেলে পাইপলাইনের মাধ্যমে জমি ভরাট করা হচ্ছিল। অপরদিকে বালুবাহী ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে ষোলঘর-বীরতারা পাকা সড়কটির ব্যাপক ক্ষতিসাধন করে আসছিল ভরাট চক্রটি অভিযোগ এলাকাবাসীর।

খোঁজ নিয়ে জানা গেছে, ষোলঘর ৬নং ওয়ার্ডে যুবলীগের সভাপতি পনির হোসেনের আপন ছোট ভাই ড্রেজার ব্যবসায়ী মনির হোসেন একই ওয়ার্ডের যুবদলের সভাপতি। অবৈধ ভরাট বাণিজ্যে ওই এলাকার হুমায়ুন মেম্বার যুবদল নেতা মনির হোসেনের সহযোগী। এ বিষয়ে জানাতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত মনির হোসেনের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। মো. হুমায়ুন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, কোনো ড্রেজার বা ভরাট বাণিজ্যের সঙ্গে তার কোনো প্রকার সম্পৃক্তা নেই।

ষোলঘর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ড্রেজার পুনরায় চালু করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email