তজুমদ্দিনে আবারও গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর

ভোলার তজুমদ্দিনে আলোচিত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুরকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর এবং ইলেকট্রিক হ্যান্ড শক গানমেশিন দিয়ে আঘাত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল গফুর তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাবুলের স্ত্রী জোছনা বেগমের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় আব্দুল গফুরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে পার্শ্ববর্তী বোরহানউদ্দিন থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ মে একই এলাকার নুর হোসেন মাঝি নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও চাঁদাবাজির মামলায় ভোলা সদর থেকে আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email