মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর উপজেলা যুবদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে (৪২) দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই বহিষ্কারাদেশ দেয়।
বৃহস্পতিবার সকালে নাজমুল ইসলামকে নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর একই দিন দুপুরে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে শিবালয় থানা-পুলিশ। তার কাছ থেকে ৩১টি অ্যামফিটামিনজাতীয় মাদকদ্রব্য, ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। একই সময় নিবন্ধন নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার নাজমুল ইসলাম উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সবুর উদ্দিন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ৩ দশমিক ১ গ্রাম। নাজমুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে সুস্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগে’ নাজমুল ইসলামকে তার প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কোনো নেতাকর্মীর অপরাধের দায় দল নেবে না। পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত নাজমুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি নাজমুল ইসলামকে ইতোমধ্যে বহিষ্কার করেছে। তিনি উপজেলা যুবদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
