লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খায়েরের বাগান থেকে নারিকেল-সুপারি লুটের অভিযোগে কামাল হোসেন নামে এক সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষক খায়ের সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
এর আগে, বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন তিনি।
ভুক্তভোগী আবুল খায়ের রায়পুরের সোনাপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলমদর পাটওয়ারী বাড়ির বাসিন্দা।
অভিযুক্ত কামাল দালাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর (পশ্চিম) উপজেলা যুবদলের সাবেক সদস্য। তিনি একই এলাকার বাসিন্দা।
আবুল খায়ের অভিযোগ করেন, কলমদর পাটওয়ারী বাড়িতে তাদের কেনা ও ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তি রয়েছে। জমি তাদের দখলেই রয়েছে। তারা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় মিস্টার হাওলাদার জমিটি দখলের পাঁয়তারা করছে। এরই প্রেক্ষিতে সাবেক যুবদল নেতা কামাল হোসেনের নেতৃত্বে বহিরাগত লোকজনকে দিয়ে বাগানে জোরপূর্বক খুঁটি স্থাপন করে। একপর্যায়ে বাগান থেকে প্রায় ৫০ হাজার টাকার মূল্যের পাঁচ বস্তা নারিকেল ও সুপারি লুট করা হয়।
খায়েরের ছেলে শামীম হোসেন বলেন, ‘মিস্টার হাওলাদার যদি জমিরা মালিকানা পেয়ে থাকেন, তাহলে আইনগতভাবে আসবেন। অন্য ওয়ারিশদেরকেও বিষয়টি বিবেচনায় নিতে হবে। আদালতের মাধ্যমে আসুন। আদালত তার পক্ষে রায় দিলে আমরা জমি ছেড়ে দিতে রাজি আছি।’
অভিযোগের বিষয়ে জানতে কামাল হোসেন ও মিস্টার হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। এতে তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, খায়ের ও কামালদের জমির বিরোধ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। সকল অংশীদারের জমি পরিমাপ করা হয়েছে। কিন্তু কেউই কোনো সিদ্ধান্ত মানছে না।
