থানার ভেতর এনসিপি নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

হামলায় আহত এক নেতা। সংগৃহীত ছবি

চাঁদপুর সদর উপজেলা থানার ভেতরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় থানা প্রাঙ্গণে এই তাণ্ডবের ঘটনা ঘটে। এ সময় পুলিশ থানা প্রাঙ্গণ ছেড়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্র ও এনসিপি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চাঁদপুর বড় স্টেশন এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে বেধড়ক মারধর করা হয়। এতে তার মুখ ও পা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে আহত তানিম ও তার সহযোগীরা বিচারের দাবিতে চাঁদপুর সদর উপজেলা থানায় মামলা করতে যান। সে সময় ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় প্রবেশ করে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা-কর্মীদের ওপর দ্বিতীয় দফায় অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঘটনাস্থল থেকে নেতা-কর্মীদের মোবাইল ফোন ছিনতাই করে বলে অভিযোগ উঠে। পরে তারা জেলা আহ্বায়ক মাহবুব আলম, জেলা এনসিপি নেতা নিয়াজ মোর্শেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসাইন এবং যুবশক্তির আহ্বায়ক রাসেল মাহমুদকে জোরপূর্বক থানা থেকে তুলে নিয়ে যায়। এ সময় উপস্থিত অন্য নেতা-কর্মীদের ওপরও অতর্কিত মারধর করা হয়। ঘটনার পর চাঁদপুর জেলা এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email