চাঁদাবাজির অভিযোগ, বাগেরহাটের বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ

চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামানকে (শিপন) কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। বুধবার বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাজী খায়রুজ্জামান বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। তবে সরকার পরিবর্তনের পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদা দাবি, ঘের দখলসহ নানা অনৈতিক কাজের অভিযোগ উঠছে। সর্বশেষ ১৬ মে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তরসুতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান ও তাঁর লোকজনের বিরুদ্ধে। প্রবাসীর পরিবারের কাছে খায়রুজ্জামানের ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ওই খাবার ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই খায়রুজ্জামানকে কারণ দর্শানো নোটিশ দিল বিএনপি।

এ বিষয়ে প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসানের স্ত্রী মুকুল বেগম বলেন, ‘বিএনপি নেতা কাজী খায়রুজ্জামানের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তাঁর অনুসারী নাইম, রোমিওসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন।’ তবে ওই ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি থানা পুলিশে কোনো অভিযোগ দেয়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email