সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপে সাহাব উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া তছলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তছলিমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাহাব উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় রিদোয়ান, তাহের, মাহফুজ ও সাহাবুদ্দীন নামের কয়েকজনও ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত সাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় কয়েকটি অপরাধী চক্রের সদস্যরা একত্র হয়ে তার ওপর হামলা চালান। এতে তার হাত, মাথা, বুক ও পায়ে গুরুতর জখম হয়। শরীরের একাধিক স্থানে সেলাই দিতে হয়েছে তাকে।

অভিযুক্ত জাকারিয়া তছলিমের বক্তব্য জানতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, সাহাব উদ্দিন নামের একজনের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করতে আসেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email