স্কুলশিক্ষককে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ছেলের প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে এক স্কুলশিক্ষককে রাজনৈতিক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম শেখ পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি ও তার ভাই শাহীন শেখ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর আব্দুল রাজ্জাক (রাজু) নামের এক যুবকের স্ত্রী সিমরান ফেসবুক লাইভে এসে তাদের বিয়ের পেছনের ঘটনা তুলে ধরেন।

সিমরান জানান, রাজুর সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা আদালতের মাধ্যমে বিয়ে করেন। তবে দুই পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তার দাবি, এ পরিস্থিতিতে তাদের আত্মীয় সেলিম শেখ ও তার ভাই শাহীন শেখ বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে মৌখিক সমঝোতা করেন। তিন লাখ টাকার বিনিময়ে বিয়ে বিচ্ছেদ এবং অন্যত্র বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিষয়টি দেখভালের কথা ছিল ওই সমঝোতায়।

সিমরানের ভাষ্য, এ বিষয়ে জানতে পেরে তিনি সুযোগ বুঝে স্বামী রাজুর কাছে চলে যান। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তাঁর মা রাজুর ভাশুরের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ওই মামলায় পুলিশ উত্তরায় গিয়ে তাঁকে আটক করলেও কোনো দোষ পায়নি বলে দাবি করেন তিনি।

সিমরানের অভিযোগ, পরে রাজুর বাবা আজিজুর রহমান ঢালীকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। আজিজুর রহমান টঙ্গিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজু ও সিমরানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা বাড়ি ছেড়ে গিয়ে বিয়ে করেন। দুজনের বাড়িই টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে। রাজু আজিজুর রহমান ঢালীর ছেলে এবং সিমরান রতন মুন্সীর মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজিজুর রহমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাকে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলিম শেখ। মুঠোফোনে তিনি বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। আমি ছেলে বা মেয়েটাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

শাহীন শেখও অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় আমাদের সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এসব কর্মকাণ্ডে আমি বা আমার ভাই জড়িত নই।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, আজিজুর রহমানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email