চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। কিরণের বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, থানায় হস্তান্তরের পর কিরণকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email