পটুয়াখালীর মহিপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৭ নং লতাচাপলি ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আল-আমিন হোসেন বিপ্লব ও ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বহিষ্কৃত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ গত ৫ আগস্ট সরকার পতনের পরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে ইউনিয়নের দায়িত্বশীল কয়েকজন সিনিয়র নেতার নাম ধারে এবং ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদিকে মারধরের কথা বলতে শোনা যায়। সরকারি কাজে বাধা, সালিশ বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অপরদিকে ৭ নং লতাচাপলী ইউনিয়নের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর আগেও তার মাদক নিয়ে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে লতা লচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন হোসেন বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোনো দুষ্কৃতিকারীর স্থান হবে না।
