দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অটোরিকশা চুরির দায়ে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আবুল কাশেম পাপ্পুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার সকালে ছাত্রদলের দিনাজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্ব ইঞ্জিনিয়ার শাহাজালাল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত আবুল কাশেম পাপ্পু ফুলবাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চিঠিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম পাপ্পুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনওরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
থানা সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) পৌর এলাকার কাঁটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিকশাচালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন রানা ৬ জনের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন। মামলার সুত্র ধরে বৃহস্পতিবার (৮ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌর ছাত্রদলের সদস্যসচিব আবুল কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর ব্যক্তিরা হলেন পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের মন্টু মিঞার ছেলে রাশেদ হোসেন ওরফে রাসেল, বারোকোনা গ্রামের জবেদুল ইসলামের ছেলে মো. সেলিম, তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সামিউল আলম রতন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম পাপ্পুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ককে আবগত করেছেন জেলা নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলুন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম পাপ্পুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।
https://www.deshrupantor.com/591971
