বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।এর আগে জনগণের ব্যবহৃত পুকুর দখলের অভিযোগ ওঠে বিলকিস জাহান শিরিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
এ নিয়ে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।জানা গেছে, বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার একটি পুকুর শিরিন ও তাঁর পরিবার গত বছরের মে মাসে হঠাৎ ভরাট শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে বাধা দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারাও যান সেখানে।পুকুর ভরাটের নিষেধাজ্ঞা দিয়ে সিটি করপোরেশন সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকে বিলকিস জাহান শিরিন ও তাঁর পরিবারের সদস্যসহ সাতজনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়।সেই নোটিশে অবৈধভাবে পুকুর ভরাটের জন্য যে বালু ফেলা হয়েছে তা অপসারণ ও দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় সাতজনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেয় পরিবেশ অধিদপ্তর।