বিতর্ক যেন পিছু ছাড়ছে না নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে।
‘আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করবেন। ব্যত্যয় হলে অবস্থা খারাপ হয়ে যাবে’ নেতাকর্মীদের উদ্দেশে তাঁর জামাতা মাসুম বিল্লাহর এমন হুমকির রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে ছড়িয়েছে খোদ মান্নানের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও।
যেখানে নিজের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগের জবাব দেওয়ার এক পর্যায়ে মান্নান বলেন, সারা বাংলাদেশেই বিএনপির পোলাপান করে। ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপান হগল (সবাই) করে, দেখতে চান আপনে?
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই কথোপকথন একজন সাংবাদিক ও আজহারুল ইসলাম মান্নানের। অডিও অনুযায়ী ঢাকার পুরানা পল্টনে অফিসে এমন একটি পত্রিকার সাংবাদিক বিএনপির এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বলেন, অভিযোগ রয়েছে মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত থেকে চাঁদাবাজি, সরকারি জায়গার সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, ৫ আগস্টের পর থেকে আপনার ছেলে মেঘনা টোল প্লাজা দখল করে ….’ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মান্নান বলেন, ‘আগে গিয়া নিজেরা তদন্ত কইরা হিয়ার (এর) পরে পত্রিকায় লেখেন।’
তখন ওই সাংবাদিক বলেন, ‘আমরা তদন্ত করে খোঁজখবর নিয়েই আপনার সাথে কথা বলছি।’ জবাবে মান্নান বলেন, ‘তাইলে আমি, আমার পোলায় গিয়া মোগরাপাড়া বাসস্ট্যান্ড খাই, ফুটপাত খাই…, সারা বাংলাদেশেই বিএনপির পোলাপান করে। ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপান হগল
করে, দেখতে চান আপনে? না জাইন্না না হুইন্না ….., হেই দেড় বছর আগে টোল প্লাজায় কী অইছে, আমরা বাপ পুতে ঢাকায় ছিলাম…, আপনের লগে তর্ক করতে রাজি না। আপনের পত্রিকা দেইক্খা কথা কমু।’ এরপর আজহারুল ইসলাম মান্নান ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, তিনি কিসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন, আমার বোধগম্য নয়। তবে নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করেছে। আমাদের ব্যাপক সম্মানহানি হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় বক্তব্য রাখতে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের জামাতা মাসুম বিল্লাহ বলেন, ‘সাবধান, হুঁশিয়ার, লাস্ট ওয়ার্নিং। এরপর কোনো ওয়ার্নিং হবে না। আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করবেন। ব্যত্যয় হলে অবস্থা খারাপ হয়ে যাবে।’ তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে কথা বলতে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে বিএনপির মনোনয়ন পাওয়া আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এ বিষয়ে ফোনে কথা বলতে চাই না। সামনাসামনি আসেন, কথা বলি।’ তিনি আরও বলেন, ‘যে সাংবাদিকের সাথে আমার আলাপ ভাইরাল হয়েছে, তিনি আমার প্রতিপক্ষের বানানো সাংবাদিক।’
