পটুয়াখালীর বাউফলে হামলার শিকার নিজাম উদ্দিন নামে এক কৃষককে মামলা না করার জন্য হাসপাতালে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাউফল হাসপাতালে গিয়ে এ হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে, একই দিন সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর আলগী গ্রামের মিন্টু, মানিক, মাইনুল গংদের সঙ্গে রফিজ দর্জির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এ সময় কৃষক নিজাম মোল্লা উভয় গ্রুপকে নিবৃত করার চেষ্টা করলে মিন্টু, মানিক, মাইনুল গংরা তাকে কুপিয়ে জখম করেন। এতে তার মাথা ও কানে রক্তাক্ত জখম হয়। পরে হাসপাতালে ভর্তি হলে রাতে সেখানে গিয়ে মামলা না করার হুমকি দেন যুবদল নেতা নুর ইসলাম।
এ বিষয়ে নুর ইসলাম বলেন, “আমি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি। মারামারিতে জড়িয়ে পড়া দুই পক্ষই বিএনপির রাজনীতি করে, তাই মামলায় না গিয়ে মিউচুয়ালি সমাধানে যেতে বলেছি।” এ সময় হাসপাতালে তার সঙ্গে পুলিশের একজন এসআইও উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষক। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “মারামারির ঘটনা জেনেছি, বিষয়টি তদন্ত চলছে। হুমকির বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
