কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালপাড়ের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। দুই-তিন দিন ধরে চলছে মাটি কাটার কাজ। এতে হুমকিতে পড়েছে কৃষিজমি ও চলাচলের রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান অবৈধভাবে খালের মাটি কাটছেন। প্রতিদিন ৫০ থেকে ৬০ গাড়ি মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন তিনি।
গতকাল রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলার পান্টি-বাঁশগ্রাম বাজার সড়ক ঘেঁষে অবস্থিত পাউবোর খাল। সড়ক থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে খালের ওপরের প্রায় পাঁচ ফুট গভীর করে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। মাটি কেটে কয়েকটি শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বা (শ্যালো মেশিনচালিত ট্রাক) গাড়িতে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। খালের পশ্চিমপাশে কয়েকশ বিঘা কৃষিজমি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, প্রতি বছর খালের মাটি কেটে ভাটায় বিক্রি করে প্রভাবশালীরা। এবারও দুই-তিন দিন হলো মাটি কাটা শুরু হয়েছে। মাটি কাটলে চলাচলের পথ নষ্ট হয়ে যায়। ফসল ঘরে তুলতে খুব কষ্ট হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লাটাহাম্বাচালক জানান, স্থানীয় এক বিএনপি নেতার অধীনে ভাড়ায় খাটছেন তারা। গাড়িপ্রতি ২০০ টাকা ভাড়ায় মাটি ইটভাটায় পরিবহন করা হচ্ছে।
অভিযোগ স্বীকার করলেও সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান। তিনি বলেন, খালের মাটি সরকারি। কাটা অবৈধ। তবুও সবাইকে ম্যানেজ করে প্রতি বছর মাটি কাটা হয়। প্রতিদিন ৫০ থেকে ৬০ গাড়ি মাটি কেটে ভাটায় দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, প্রতি গাড়ি মাটি ৫০০ টাকায় বিক্রি করছেন তিনি।
কুষ্টিয়া পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক মোবাইল ফোনে বলেন, খালের মাটি কাটার কোনো নিয়ম নেই। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
